
পটুয়াখালীর দশমিনায় বুড়াগৌড়াঙ্গ ও তেতুলিয়া নদীর মোহনায় ঝড়ের কবলে পরে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তার (৪০) উদ্ধার করা হয়েছে। গলাচিপা উপজেলার বদনাতলী নদী থেকে আজ সকাল ৮ টায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ আছে দুই শিশু খাদিজা (৫) এবং মানসুরা (৮)।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার আগে আগে বিয়ে শেষে আত্মীয়-স্বজনদের নিয়ে দশমিনার নিজ বাড়ীতে ফিরছিলেন বর রাব্বি হাওলাদার। এ সময় রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ ও তেতুলিয়া নদীর মোহনায় ঝড়ের কবলে পরে ১৫-২০ জন যাত্রী নিয়ে তাদের ট্রলার ডুবে যায়। অনেকেই বেঁচে ফিরলেও মৃত দেহ উদ্ধার করা হয় বর রাব্বির ফুপু লিপি বেগম (৩০) এর লাশ। বরসহ নিখোঁজ হয় ৪ জন। এর মধ্যে বর রাব্বি ও তার মা সেলিনা আক্তারের লাশ উদ্ধার হয় আজ সকালে। স্থানীয় জেলেরা তাদের লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দল নেতা ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ষ্টেশন অফিসার রেজোয়ান আহমেদ জানান, বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, কোষ্টগার্ডসহ উপজেলা প্রশাসন কাজ করছে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।