দেশজুড়েলিড নিউজ

নদীর পাড়ে গাছে ঝুলছিল কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে আত্রাখালী নদীর পাড়ের একটি গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রহিম তার কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে রহিমকে খুঁজতে বের হন তাঁর মা হালেমা খাতুন। তিনি নদীর পাড়ের একটি মেরা গাছে (মেড্ডা গাছে)  ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Back to top button