আন্তর্জাতিক

পাঞ্জাবে এস-৪০০ মোতায়েন করছে ভারত

ভারত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন শুরু করেছে। প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারতীয় বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করছে। পাকিস্তান ও চীনের আকাশসীমা থেকে কোনো হুমকি এলে তা প্রতিহত করার সক্ষমতা রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার। রাশিয়া এরই মধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে।

আকাশ ও সমুদ্রপথে এগুলো ভারতে পৌঁছাচ্ছে। এ বছরের শেষ নাগাদ রাশিয়া চুক্তি অনুযায়ী সবগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে ভারতীয় বিমানবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া। পাঞ্জাব রাজ্যে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করার পর দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তের দিকে এগুলো স্থাপনের ব্যাপারে নজর দেয়া হবে।

রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এস-৪০০। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির ৫টি ইউনিট কিনতে মোট ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল ভারত।

Back to top button