দেশজুড়ে
ফরিদগঞ্জে চলন্ত অটোরিকশায় আগুন
চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পশ্চিম রূপসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি সম্পন্ন পুড়ে যায়।
সিএনজি চালক ও মালিক উপজেলার বিষুরবন্দ এলাকার মতিন পাঠানের ছেলে মো. সোহাগ হোসেন বলেন, ‘সকালে ৪ জন যাত্রী নিয়ে রূপসা বাজার থেকে ফরিদগঞ্জের উদ্দেশ্যে আসার সময় পশ্চিম রূপসা এলাকায় অটোরিকশাটির গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে যাত্রীদের নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হই। সিএনজিটি সম্পন্ন পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক মাস আগে জমানো টাকা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে ৪ লাখ টাকা দিয়ে অটোরিকশা কিনেছি।
এটি চালিয়ে জীবিকা নির্বাহ করে ভালোই চলছিলাম। হঠাৎ দুর্ঘটনায় আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে এনজিওর লোন পরিশোধ করব ও পরিবার চালাব বুঝতে পারছি না।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পরিবারটির খোঁজ-খবর নিয়ে সহায়তার চেষ্টা করব।